জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি এই ঘটনার জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের দায়ী করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
জেআরএ’র অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে বলা হয়, “লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল।” পোস্টে আরও উল্লেখ করা হয়, “লীগের যারা আমাদের নেতাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সেখানকার কনস্যুলেট যদি দ্রুত সময়ে এই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এখন থেকে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, সেখানেই ডিম থেকে শুরু করে সকল ধরনের ‘মব’ হবে।”
ঘটনার বিবরণে জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। এ ঘটনাকে কেন্দ্র করে জেআরএ তাদের পোস্টে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “আওয়ামী সন্ত্রাসীরা যারা বিদেশে এসব করছে তাদের বিস্তারিত এবং দেশে তাদের কী অবস্থা এসব বিষয়ে আমাদের জানান।”
জেআরএ’র এই পোস্টে স্পষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। সংগঠনটি তাদের সমর্থকদের আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে, যাতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। জেআরএ’র এই হুঁশিয়ারি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

